কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে যায় ফ্রান্স। জয়ের খুব কাছে গিয়েই হেরে ফেরায় আর্জেন্টিনার জয়োল্লাসও ফরাসিদের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মতো ছিল।
এখন লেস ব্লুসদের বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার উল্লাস নিয়ে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে তদন্তের আহ্বান জানাচ্ছেন ফ্রান্সের সরকারি কর্মকর্তারা। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে ম্যারি এ বিষয়ে ফিফার দৃষ্টি আকর্ষণ করেছেন। খবর মার্কা’র।
ফ্রান্স সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তির ভাষায় ফাইনালে জেতার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা লেস ব্লুসদের ‘অপমান’ করেছে। ৩৬ বছর পর শিরোপা খরা ঘুচিয়ে বিশ্বকাপের ট্রফি স্পর্শ করে আলবিসেলেস্তেরা। তাই স্বাভাবিকভাবেই বাধভাঙা উল্লাসে ফেটে পড়ে মেসিবাহিনী। আর এতেই বাঁধে যত বিপত্তি।
ফাইনালে জেতার পর কিলিয়ান এমবাপ্পেকে কয়েক বার ‘ব্যঙ্গ’ করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমনকি আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় কুন আগুয়েরোও ফরাসি ফুটবলার এদুয়ার্দো কামাভিনঙ্গার ডাকনাম নিয়ে ব্যঙ্গ করেন। এসব বিষয় ভালোভাবে নেয়নি ফ্রান্সের সংবাদ মাধ্যম।
একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ফরাসি অর্থমন্ত্রী বলেন, এমন অপমানের কোনো মানে হয় না। ফিফা কী করে? তিনি বলেন, খেলাধুলা হলো ফেয়ার প্লে এবং অন্যদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়, পাশাপাশি হেরে যাওয়াদের প্রতিও সম্মান দেখানো।


