ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। ফাইনালের আগে ও পরে পুরো ম্যাচে আলোচনায় ছিলেন বিশ্বকাপে গোল্ডেন গ্লোভস জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালের আগে কিলিয়ান এমবাপ্পেকে এক হাত নিয়েছিলেন তিনি। আর শিরোপা জয়ের পর তাকে নিয়ে বেশ মজাও করেন মার্টিনেজ। এতে অনেক আর্জেন্টাইন বেশ আনন্দ পেলেও অনেকের দৃষ্টিতে তা ভালো লাগেনি।
ভালো না লাগাদের মধ্যে এমনই একজন ২০১৮ রাশিয়া বিশ্বকাপজয়ী ফ্রান্সের সেন্টারব্যাক আদিল রামিরে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে মার্টিনেজের সমালোচনা করেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ড্রেসিংরুমে উদ্দাম উদযাপনে মাতেন আর্জেন্টাইন গোলরক্ষক। এর মধ্যে টেনে আনেন ফ্রান্সের হয়ে ফাইনালে হ্যাটট্রিক করা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকেও। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ম্যাচটি ৩-৩ গোলে অমীমাংসিত ছিল।
ড্রেসিংরুমে মেসিরা যখন কাঙ্ক্ষিত শিরোপা জয় উদযাপন করছিলেন তখন হুট করেই সবাইকে থামিয়ে দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সতীর্থদের দিকে তাকিয়ে এমি বলে ওঠেন, ‘এক মিনিটের নীরবতা।’ এটুকু বলে মার্টিনেজ ক্ষণিকের জন্য থামেন। এরপর গানের সুরে বলেন, ‘এমবাপ্পের জন্য, যে মরে গেছে!’
বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পাবার পর অনেকেই তা ভালো চোখে দেখেনি। মার্টিনেজ এখানেই থামেননি। আর্জেন্টিনায় ফিরে ছাদখোলা বাসে শোভাযাত্রার সময়ও এমবাপ্পেকে খুঁচিয়েছেন। ফ্রান্সের ক্লাব ত্রয়েসের ৩৬ বছর বয়সী মিডফিল্ডার রামি এতেই চটেছেন।
পরে রামি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মার্টিনেজকে উদ্দেশ করে লেখেন, ‘সবচেয়ে ঘৃণিত মানুষ।’ আরেকটি পোস্টে রামি মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুর ‘গোল্ডেন গ্লোভস’ জেতা উচিত ছিল বলে জানান। পুরো বিশ্বকাপে মাত্র ৩ গোল হজম করেন বুনু। পিএসজি তারকা এমবাপ্পেকেও নিয়েও একাধিক পোস্ট করেন রামি।
তবে বিতর্কটা এখান থেকে শুরু হয়নি। যতটুকু জানা যায় বিতর্কের শুরুটা করেছিল ফ্রান্স ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর। সেবার শিরোপা জয়ের পর নিজ দেশে ফিরে মেসিকে নিয়ে ব্যাঙ্গাত্বক গান বানায় তারা। যেখানে ফ্রান্সের সকল খেলোয়াড়দের সঙ্গে উপস্থিত ছিলেন কোচ দিদিয়ের দেশমও।
সেবার ট্রফি নিয়ে প্যারিসে ফেরার পর স্টেডিয়ামে নেচে-গেয়ে বিজয় উদযাপন করছিলেন ফরাসি খেলোয়াড়েরা। গানে গানে মিডফিল্ডার এনগোলো কান্তের প্রশংসা করতে গিয়ে মেসিকে টেনে আনেন এমবাপ্পেরা। দল বেঁধে গাওয়া সেই গানের কথাগুলো ছিল এ রকম, ‘সে ছোট মানুষ, মিষ্টি, সে মেসিকে থামিয়ে দিয়েছে।’
“Kante, he is small, he is nice and he stopped Messi”
— PHY🇮🇶 (@astonishHenry) December 21, 2022
Dibu didn’t let that sink in🤣
Tables turn. pic.twitter.com/pvNg0FICYu
পুরোনো এই ভিডিওটি টুইটারে পোস্ট করে এক ব্যক্তি লিখেছেন, ‘২০১৮ বিশ্বকাপ জয়ের পর ফ্রান্সের খেলোয়াড়েরা মেসিকে নিয়ে মজা করেছেন, ওটা কি সম্মানজনক ছিল?’
আরেকজন লিখেছেন, ‘মনে পড়ে, গোটা ফ্রান্স দল মেসিকে নিয়ে কীভাবে বিদ্রূপ করেছিল? এখন এমিলিয়ানোর হাতে এমবাপ্পের বিদ্রূপ হওয়াটা স্বাভাবিকই। কর্মের প্রতিফল।’


